সৌরজগতের রহস্যময় ও চরম শীতল ওর্ট ক্লাউড অঞ্চল!



আমাদের সৌরজগতের একেবারে দূর প্রান্তে রয়েছে এক অজানা ও রহস্যময় অঞ্চল, যার নাম ওর্ট ক্লাউড (Oort Cloud)। এটি বরফ, ধুলো ও অসংখ্য ধূমকেতুতে ভরা এক বিশাল এলাকা। গবেষণা অনুযায়ী ওর্ট ক্লাউড সূর্য থেকে প্রায় ২,০০০ থেকে ৫,০০০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) দূরে শুরু হতে পারে।

আর NASA-এর তথ্যমতে, এত দূরত্বে সূর্যের আলো পৌঁছাতে হয়তো সময় লাগে প্রায় ১০ থেকে ২৮ দিন। আর কিলোমিটারের হিসেবে ওর্ট ক্লাউড শুরু হতে পারে সূর্য থেকে প্রায় ৩০০ থেকে ৭৫০ বিলিয়ন কিলোমিটার দূরে।

এদিকে মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী মহাকাশযান ভয়েজার-১ (Voyager 1) দীর্ঘ ৪৯ বছর ধরে প্রতি সেকেন্ডে ১৭ কিলোমিটার গতিতে চললেও এখন পর্যন্ত মাত্র ২৫ বিলিয়ন কিলোমিটার অতিক্রম করেছে। অর্থাৎ, এটি এখনও ওর্ট ক্লাউডের কাছাকাছি পৌঁছাতে পারেনি।

বিজ্ঞানীদের মতে, ভয়েজার-১ বা ২ এর মতো কোনো মহাকাযানের পক্ষে পুরো ওর্ট ক্লাউড অতিক্রম করতে হয়তো প্রায় ৩০ হাজার বছর সময় লাগতে পারে। তবে মানবজাতির তৈরি সবচেয়ে দ্রুত গতির পার্কার সোলার প্রোবের ক্ষেত্রে হয়তো ৩-৫ হাজার বছর সময় লাগতে পারে। যদিও এটি একটি বৈজ্ঞানিক প্রেডিকশন মাত্র।

নাসার তথ্য অনুযায়ী, ওর্ট ক্লাউড ২,০০০ AU থেকে শুরু হয়ে ১,০০,০০০ AU বা তারও বেশি পর্যন্ত বিস্তৃত। এর শেষ প্রান্ত সূর্য থেকে প্রায় ১.৫ থেকে ২ আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত, যেখানে সূর্যের আলো পৌঁছাতে হয়ত ৩ বছরেরও বেশি সময় লাগতে পারে।

ওর্ট ক্লাউডের সবচেয়ে বড় রহস্য হলো এর চরম শীতলতা। এখানে তাপমাত্রা হতে পারে প্রায় -২৬৮°C বা মাত্র ৫ কেলভিন, যা পরম শূন্য (-২৭৩.১৫°C) থেকে মাত্র ৫ ডিগ্রি ওপরে। ফলে এটি মহাবিশ্বের অন্যতম শীতল অঞ্চল, যাকে এক প্রাকৃতিক “ডিপ ফ্রিজার” হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীরা।

ওর্ট ক্লাউড (Oort Cloud) অঞ্চলে কোটি কোটি ধূমকেতু ও বরফখণ্ড কয়েক বিলিয়ন বছর ধরে অপরিবর্তিত বা একেবারে আদিম অবস্থায় জমে রয়েছে। তাই ওর্ট ক্লাউডকে সৌরজগতের আদিম ইতিহাসের এক মহামূল্যবান ভাণ্ডার বলা যায়।

তথ্যসূত্র/References:
1. NASA Solar System Exploration: NASA Oort Cloud In-Depth
2. Space.com: Oort Cloud Facts
3. BBC Sky at Night Magazine: What is the Oort Cloud?

সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক), বাংলাদেশ।
Image Credit: NASA Science


Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কৌশলগত ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু অস্ত্র মজুতের একটি বাস্তবচিত্র!

বিশ্বের প্রথম সফল বাণিজ্যিক পার্সোনাল কম্পিউটার