প্রাথমিক শিক্ষায় আশার আলো: নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮

 


লেখক: সিরাজু রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ

বাংলাদেশে আধুনিক, মানবিক এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষার জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের কাজ ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। আমাদের নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে এই যুগোপযোগী শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

আর দীর্ঘ কয়েক দশক পর প্রাথমিক শিক্ষায় এই বৃহৎ সংস্কার দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮-এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পাঠ দক্ষতা, গণিত দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষার উন্নয়ন।

এর পাশাপাশি নতুন এই শিক্ষা কারিকুলামে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দক্ষতাভিত্তিক এই শিক্ষাক্রম শুধু জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

তবে নৈতিক, মানবিক ও সামাজিক শিক্ষার পাশাপাশি আমাদের কোমলমতি শিশুদের জন্য বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি শিক্ষারও একটি উপযোগী ভিত্তি তৈরি করা এখন সময়ের দাবি। বিশেষ করে, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে কৌতূহল, পর্যবেক্ষণ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশের সুযোগ থাকা উচিত।

এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিকে শুধু ব্যবহারকারী হিসেবে নয়, বরং ভবিষ্যতের উদ্ভাবক, গবেষক ও বিশেষ করে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। সে লক্ষ্য বাস্তবায়নে এখন আমাদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার।
বর্তমান বিশ্ব দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজে রূপান্তরিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স, ডেটা বিজ্ঞান এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি আগামী দিনের অর্থনীতি, শিল্প ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মকে এই পরিবর্তিত বাস্তবতার জন্য প্রস্তুত করে তুলতে হবে।

এক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রযুক্তি-অগ্রসর দেশ চীনের উদাহরণ উল্লেখ করা যেতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। গত ২০২৫ সাল থেকে বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বয়স ও শ্রেণি উপযোগী পদ্ধতিতে এআই ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হচ্ছে।

বর্তমানে চীনের বেইজিং, হ্যাংঝো, শিয়ান এবং চংকিংয়ের মতো বড়ো শহরগুলোতে এ ধরনের কর্মসূচি পরিকল্পিতভাবে বাস্তবায়িত হচ্ছে, যেখানে কিনা শিশুরা খেলার ছলে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে, যা আগামী ২০৩০ সালের মধ্যে সারা দেশেই পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে চায় চীন।

চীনের এই অভাবনীয় উদ্যোগ দেখায় যে, শিক্ষার একেবারে প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং নৈতিক-মানবিক শিক্ষা একসঙ্গে এগিয়ে নেওয়া যায়। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দৃষ্টান্ত হতে পারে।

বাংলাদেশের নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮ বাস্তবায়নের পথে আমরা চাইলে সীমিত পরিসরে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানমূলক কার্যক্রম, সহজ প্রযুক্তি শিক্ষা, সৃজনশীল প্রকল্প এবং হাতে-কলমে শেখার সুযোগ অন্তর্ভুক্ত করতে পারি।

এতে করে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, সৃজনশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং উদ্ভাবনী মানসিকতা বিকাশ লাভ করবে। একই সঙ্গে তারা বাস্তব জীবনের সমস্যা সমাধানে আরও দক্ষ ও ইতিবাচক হয়ে উঠবে।

পরিশেষে বলা যায়, ভবিষ্যতের বিশ্বে যে দেশ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারাই বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। তাই সঠিক পরিকল্পনা, দক্ষ শিক্ষক প্রস্তুতি, আধুনিক শিক্ষাসামগ্রী এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করা গেলে নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮ বাংলাদেশের প্রাথমিকসহ শিক্ষার সকল স্তরে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

এর মাধ্যমে গড়ে উঠতে পারে জ্ঞানভিত্তিক, দক্ষ, সৃজনশীল ও মানবিক একটি নতুন প্রজন্ম, যারা ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আশা করা যায়, নতুন শিক্ষা কারিকুলাম ২০২৮ দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক এবং ভবিষ্যতমুখী রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিরাজু রহমান
শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!