Forbes Global 2000 (2026): বিশ্বের শীর্ষ ২,০০০ পাবলিক কোম্পানির অবস্থান


 

২০২৬ সালের ২৪ জুন বিশ্বের প্রভাবশালী ব্যবসায়িক সাময়িকী Forbes প্রতিবছরের মতো এবারও Forbes Global 2000 তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানির রাজস্ব (Revenue), নিট মুনাফা (Net Profit), মোট সম্পদ (Assets) এবং বাজারমূল্য (Market Value)এই চারটি সূচকের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ২,০০০টি পাবলিক কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

 

 

চলতি ২০২৬ সালের আপডেট তালিকায় অন্তর্ভুক্ত এই ২ হাজার পাবলিক কোম্পানি সম্মিলিতভাবে একাধিক নতুন রেকর্ড স্থাপন করেছে। Forbes-এর তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মোট বার্ষিক বিক্রয়/রেভিনিউ (Annual Sales) প্রায় ৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, নিট মুনাফা (Profits) প্রায় ৫.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মোট সম্পদের (Assets) পরিমাণ প্রায় ২৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার।

 

 

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে, Global 2000-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য (Market Value) গত বছরের তুলনায় ৩১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের সম্পদে নতুন করে প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্য সংযোজিত হয়েছে।

 

 

Forbes Global 2000 (2026) তালিকায় দেশভিত্তিক উপস্থিতির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে। Forbes-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের তালিকায় যুক্তরাষ্ট্রের ৫৯৩টি কোম্পানি স্থান পেয়েছে। এছাড়া, সর্বোচ্চ ৩০টি নিট মুনাফা অর্জনকারী কোম্পানির মধ্যে ১৬টিই হচ্ছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে অবস্থিত, যা বৈশ্বিক করপোরেট অঙ্গনে দেশটির শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

 

 

যুক্তরাষ্ট্রের পর প্রায় ৩৪০টি পাবলিক কোম্পানি নিয়ে চীন (Greater China) রয়েছে দ্বিতীয় স্থানে। এছাড়া, জাপান ১৭৯টি কোম্পানি নিয়ে তৃতীয়, যুক্তরাজ্য ৬৭টি কোম্পানি নিয়ে চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া ৬৬টি কোম্পানি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। কানাডা ও ভারত ৬৪টি করে কোম্পানি নিয়ে পরবর্তী অবস্থানে রয়েছে। জার্মানি ৪৯টি, ফ্রান্স ৪৫টি এবং তাইওয়ান ৪৪টি কোম্পানি নিয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে।

 

 

Forbes Global 2000 (2026) তালিকায় বিশ্বের সর্বোচ্চ নিট মুনাফা (Net Profit) অর্জনকারী শীর্ষ ১০ পাবলিক কোম্পানির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮টি, সৌদি আরবের ১টি এবং তাইওয়ানের ১টি পাবলিক কোম্পানি রয়েছে। এ তালিকায় Alphabet প্রায় ১৬০.২ বিলিয়ন মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করে শীর্ষে রয়েছে। এর পাশাপাশি, Microsoft প্রায় ১২৫.২ বিলিয়ন ডলার, Apple প্রায় ১২২.৬ বিলিয়ন ডলারের নিট মুনাফা অর্জন করে।

 

 

এছাড়া, Nvidia প্রায় ১২০.১ বিলিয়ন ডলার, Saudi Aramco প্রায় ৯৯.৩ বিলিয়ন ডলার, Amazon প্রায় ৯০.৮ বিলিয়ন ডলার, Berkshire Hathaway প্রায় ৭২.৫ বিলিয়ন ডলার, Meta Platforms প্রায় ৭০.৬ বিলিয়ন ডলার, TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) প্রায় ৬২.৫ বিলিয়ন ডলার এবং JPMorgan Chase প্রায় ৫৮.৬ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে শীর্ষ ১০ মুনাফা অর্জনকারী কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে।

 

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের মোট ৬৪টি পাবলিক কোম্পানি Forbes Global 2000 তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে Reliance Industries দেশটির শীর্ষস্থানীয় পাবলিক কোম্পানি হিসেবে প্রায় ১১৯.৬৫ বিলিয়ন ডলার রাজস্ব এবং ৯.১৪ বিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করে। অন্যদিকে, তালিকায় স্থান পাওয়া পাকিস্তানের একমাত্র প্রতিষ্ঠান United Bank Limited (UBL) প্রায় ৪.৭৬ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব এবং প্রায় ৫০৬ মিলিয়ন ডলার নিট মুনাফা অর্জন করেছে।

 

 

সবশেষে বলা যায়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিভিন্ন অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিশ্বের শীর্ষ পাবলিক কোম্পানিগুলো তাদের আর্থিক সক্ষমতা ও বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, ডিজিটাল সেবা, ব্যাংকিং এবং জ্বালানি খাত নির্ভর বৈশ্বিক করপোরেট প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

 

 

তথ্যসূত্র: Forbes Global 2000 (Official Website) এবং Visual Capitalist (Based on Forbes Global 2000 Data)

 

 

লেখক: সিরাজুর রহমান

শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!