আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী হচ্ছে চীনের ইউয়ান!
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মুদ্রাবাজারে চীনের নিজস্ব মুদ্রা রেনমিনবি (RMB) বা ইউয়ানের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে আজ ২৫ মে সোমবার মার্কিন ডলারের বিপরীতে ইউয়ানের মান বৃদ্ধি পেয়ে ৬.৮৩১৮ পর্যায়ে পৌঁছেছে। চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ানের বিনিময় হার প্রতিদিন সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। আন্তঃব্যাংক বাজার খোলার আগে বিভিন্ন বাজার-নির্ধারকের দেওয়া দরের গড়ের ভিত্তিতে ইউয়ানের কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয়।
এছাড়া, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী চীনের রেনমিনবি বা ইউয়ানকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে সংরক্ষণের প্রবণতাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকট, আন্তর্জাতিক বাণিজ্যে চীনের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক রপ্তানি সক্ষমতার কারণে ব্রাজিলসহ কয়েকটি দেশ বর্তমানে ডলার ও ইউরোর পাশাপাশি চীনের ইউয়ানও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে সংরক্ষণ বৃদ্ধি করছে।
আন্তর্জাতিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী বৈশ্বিক সংস্থা SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক লেনদেনে চীনের রেনমিনবির ব্যবহার বর্তমানে আনুমানিক ২.৮৫% থেকে ৩.১০%-এর মধ্যে ওঠানামা করছে।
এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ অবস্থান এখনো ধরে রেখেছে চীন। দেশটির শক্তিশালী অর্থনীতি, বৈদেশিক বাণিজ্যের ইতিবাচক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সম্পদের মূল্য ওঠানামার সম্মিলিত প্রভাবে গত এপ্রিল মাসে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চীনের State Administration of Foreign Exchange (SAFE)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাস শেষে দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (সোনার মজুতসহ) দাঁড়িয়েছে প্রায় ৩.৪১০৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। যা গত মার্চ মাসের তুলনায় প্রায় ৬৮.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২.০৫ শতাংশ বেশি।
বর্তমানে আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইউয়ানের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতের বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।
তথ্যসূত্র: SWIFT, SAFE, Xinhua, State Administration of Foreign Exchange (SAFE), Wikipedia, Global Times
লেখক: সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments
Post a Comment