বৈশ্বিক অস্ত্র রপ্তানি বাণিজ্যে তুরস্কের অভাবনীয় সাফল্য


লেখক: সিরাজুর রহমান


বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তুরস্ক। বিশেষ করে নিজস্ব প্রযুক্তির ডিফেন্স সিস্টেম ডিজাইন ও তৈরিতে দেশটির আত্মনির্ভরশিলতা অর্জন সারাবিশ্বের নজর কেড়েছে। বর্তমানে তুরস্ক প্রতিরক্ষা শিল্প সেক্টরে প্রায় ৮০-৮৫% নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে, যা মুসলিম বিশ্বের অন্যান্য দেশের জন্য এক অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে।

 

তুরস্কের The Daily Sabah-এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ (Defense and Aerospace) শিল্পের রপ্তানি প্রথমবারের মতো টানা ১২ মাসে (জুলাই ২০২৫–জুন ২০২৬) প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫১৪.৮৬ বিলিয়ন তুর্কি লিরা) স্পর্শ করেছে, যা দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য এক মাইলফলক অর্জন হিসেবে দেখা হয়।

 

এদিকে, ২০২৬ সালের জুন মাসে প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০২.৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একইভাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে মোট প্রতিরক্ষা রপ্তানি হয়েছে ৪.৬৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২৯.৫ শতাংশ বেশি ছিল।

 

এদিকে, Portugal Business News-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তুরস্ক ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সারাবিশ্বে রপ্তানি করে বিশ্বের ১১তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর একই সময়ে বৈশ্বিক অস্ত্র রপ্তানি বাজারে দেশটির অংশ ছিল প্রায় ১.৮ শতাংশ, যা ২০২০ সালের তুলনায় প্রায় ১২২ শতাংশ প্রবৃদ্ধি প্রতিফলন করে।

 

বর্তমানে তুরস্কের নিজস্ব প্রযুক্তির তৈরি প্রতিরক্ষা পণ্যের প্রধান ক্রেতাদের মধ্যে পাকিস্তান (মোট রপ্তানির ১৬ শতাংশ), সংযুক্ত আরব আমিরাত (ইউএই) (১২ শতাংশ) এবং ইউক্রেন (৮.৪ শতাংশ)। একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত তথ্যসূত্র অনুযায়ী, তুরস্ক বর্তমানে বিশ্বের প্রায় ১৮৫টি দেশে ২৩০টিরও বেশি ধরনের প্রতিরক্ষা পণ্য ও ব্যবস্থা রপ্তানি করছে, যা বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে তুরস্কের ক্রমবর্ধমান অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

 

সবশেষে বলা যায়, গত দুই দশকে পরিকল্পিত ও টেকসই বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে তুরস্ক প্রতিরক্ষা শিল্পে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এক সময় তুরস্কের বিদেশি অস্ত্র ও প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকলেও, দেশটি বর্তমানে সামরিক সাজ-রঞ্জাম চাহিদার বড়ো অংশ দেশীয়ভাবে পূরণ করছে।

 

তথ্যসূত্র: SIPRI, The Daily Sabah, Portugal Business News, Wikipedia

 

তথ্য সংগ্রহকারী ও লেখক: সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক, বাংলাদেশ।

Comments

Popular posts from this blog

বিশ্বের সবচেয়ে বড় ছাপানো পবিত্র কুরআন মাজীদ!

প্রাণের খোঁজে শনির চাঁদ টাইটানে নাসার এক বৈপ্লবিক “ড্রাগনফ্লাই” স্পেস মিশন!

শিল্প উৎপাদনে রোবটিক্স প্রযুক্তি স্থাপনে নজির গড়েছে রেড জায়ান্ট চীন!