DR02 ফিউচারিস্টিক হিউম্যানয়েড রোবট: ভবিষ্যত প্রযুক্তির হাতছানি
আশি কিংবা নব্বইয়ের দশকে আমরা টিভির পর্দায় রোবটের যে কাল্পনিক অস্তিত্ব ও কর্মকাণ্ড দেখে আশ্চর্য হতাম, তা আজ যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে, চীন, জাপান, জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো আজ বৈশ্বিক রোবটিক ইঞ্জিনিয়ারিংয়ে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় চীনের DEEP Robotics কোম্পানি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন DR02 ফিউচারিস্টিক হিউম্যানয়েড শিল্প রোবট। ১.৭৫ মিটার উচ্চতা ও ৬৫ কেজি ওজনের এই রোবটটি মূলত ল্যাবরেটরির প্রদর্শনীর বাইরে এসে বাস্তব পৃথিবীর শিল্প কারখানায় জটিল কাজ করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হয়েছে।
IP66 রেটিং প্রাপ্ত DR02 হলো বিশ্বের প্রথম ফুল-সাইজ হিউম্যানয়েড রোবট, যা যেকোনো প্রতিকূল পরিবেশে—যেমন ভারী বৃষ্টি বা ধূলিঝড়ের মধ্যেও স্বাভাবিকভাবে কাজ করতে পারে। এছাড়া এটি মাইনাস ২০ ডিগ্রি থেকে শুরু করে সর্বোচ্চ ৫৫ ডিগ্রি সেলসিয়াসের চরম তাপমাত্রায় টিকে থাকতে সক্ষম বলে দাবি করা হয়।
চলাচলের ক্ষেত্রে এই রোবটটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ প্রায় ৪ মিটার গতিতে চলতে পারে এবং ২০ ডিগ্রি ঢালু রাস্তা বা ২৫ সেন্টিমিটার উঁচু সিঁড়ি ও বাধা অনায়াসে অতিক্রম করতে পারে।
এই শিল্প রোবটের সর্বোচ্চ পেলোড ক্যাপাসিটি (ওজন বহনের ক্ষমতা) ২০ কেজি। তবে এখানে রোবটটির বাহুদ্বয়ের পেলোড ক্যাপাসিটি ১০ কেজি এবং পুরো শরীরের পেলোড ক্যাপাসিটি ২০ কেজি বোঝানো হয়েছে।
চারপাশের পরিবেশ স্ক্যান করার জন্য এতে LiDAR ও ডেপথ ইমেজিং সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এর ভেতরে রয়েছে 275 TOPS কম্পিউটিং ক্ষমতার প্রসেসর। DEEP Robotics কোম্পানি বর্তমানে এই শিল্প রোবট সারাবিশ্বে রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে।
এই হিউম্যানয়েড শিল্প রোবটের অঙ্গপ্রত্যঙ্গগুলো মডুলার ডিজাইনে তৈরি হওয়ায় প্রয়োজনে এর যেকোনো পার্টস অত্যন্ত দ্রুত খুলে পরিবর্তন করা যায়। চীনের DEEP Robotics কোম্পানি মূলত বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন, উদ্ধার অভিযান ও লজিস্টিক সাপোর্টের মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের উদ্দেশ্যেই এই রোবটটি তৈরি করেছে।
তথ্যসূত্র: DEEP Robotics Official Product Page
তথ্যসংগ্রহকারী: সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক), বাংলাদেশ।
ট্যাগসমুহ:
#DR02 #HumanoidRobot #DeepRobotics #ArtificialIntelligence #FutureTechnology
Comments
Post a Comment